শ্রদ্ধেয় আল্লামা শাহ্ আবদুল জব্বার রহ. আজ থেকে প্রায় দু’দশক পূর্বে মুসলিম মিল্লাতের উপর তথ্য সাম্রাজ্যের ষড়যন্ত্রের জাল বিস্তারের কথা মর্মে মর্মে উপলব্ধি করতে পেরেছিলেন। তথ্য সাম্রাজ্যের ষড়যন্ত্রের পরাকাষ্টা ভেদ করে এদেশের মুসলমানদের শির উঁচু করে দাঁড়াবার জন্য ইসলামি চেতনায় অনুপ্রাণিত একদল লেখক, বুদ্ধিজীবি ও সাংবাদিক সৃষ্টিকল্পে হুজুর সু-পরিকল্পিত উদ্যোগ গ্রহণ করেন। পত্র-পত্রিকা ও বিশ্লেষণধর্মী যুগোপযুগী ইসলামি বই পুস্তক প্রকাশের মাধ্যমে হুজুরের ঐকান্তিক প্রচেষ্টায় ১৯৮০ সালে আত্মপ্রকাশ করে এতদঞ্চলে প্রথম সৃজনশীল ইসলামিক পত্রিকা মাসিক দ্বীন দুনিয়া দেশের প্রথম শ্রেণির সাময়িকীর মর্যাদা লাভ করেছে। এছাড়া হুজুরের তত্ত্বাবধানে প্রকাশিত হয়েছে বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠান ও আন্জুমনে ইত্তেহাদ কর্তৃক অসংখ্য সমসাময়িক যুগোপযুগী বিভিন্ন বই পুস্তক।
মানুষের প্রতিভা বিকাশের জন্য প্রয়োজন উপযুক্ত পরিবেশ সুযোগ সুবিধা ও উৎসাহ। মাসিক দ্বীন দুনিয়া প্রকাশের পূর্বে এতদঞ্চলে আমরা তরুণ লেখক সম্প্রদায়ের জন্য প্রতিভা বিকাশের কোন সুযোগই ছিল না। কিন্তু দ্বীন দুনিয়া সে সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে। হুজুরের নির্দেশনায় দ্বীন দুনিয়া কর্তৃপক্ষ সাথে সাথে তরুণ লেখকদের উৎসাহ প্রদানও অব্যাহত রাখে। দ্বীন দুনিয়ার এ উদ্যোগের ফলে আজ নিজস্ব একটি লেখকগোষ্ঠী সৃষ্টি হয়েছে। যাদেরকে আমি পূর্বে হুজুর কেবলা রহ. এর আধ্যাত্মিক প্রেরণায় সৃষ্ট কলম সৈনিক হিসেবে আখ্যায়িত করেছি।
অধ্যাপক শাব্বির আহমদ
সহকারি সম্পাদক, দৈনিক পূর্বকোণ, চট্টগ্রাম।
Leave a Reply