স্বপ্নরাজ্যের রাজকুমার

বায়তুশ শরফ আমার কাছে এক স্বপ্ন রাজ্য, এ স্বপ্নরাজ্যের রাজকুমার বায়তুশ শরফের পীর মরহুম হযরত মাওলানা শাহ সফী শেখ মোহাম্মদ আবদুল জব্বার রহ.। এ আমার মনের ব্যাপার। আমার ভিতর তাঁকে তুলে রেখেছি।

তিনি আমার চিন্তা ভাবনা, শিক্ষা, কাব্য, সাহিত্য ও জীবনের সকল দিক বিস্তার করে আছেন। আছেন উজ্জ্বল হয়ে। তাঁর মত বিশাল হৃদয়ের অধিকারী দানশীল, মহানুভব, পরোপকারী, সমাজ সংস্কারক ও মানবপ্রেমিক আর নেই। মানব কল্যাণে আর সমাজ সেবার জন্য তিনি অসংখ্য মসজিদ, মাদ্রাসা, স্কুল, পাঠাগার ও হাসপাতাল গড়ে তুলেছেন। অসহায় এতিম ছিন্নমূল মানুষের জীবনে আশার আলো জ্বেলে দিয়েছিলেন। দেশের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও অর্থনীতিতে অসামান্য অবদান রেখেছেন। জাতীয় আদর্শ সমুন্নত রাখার জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার জন্য তিনি সারা জীবন যে সাধনা করেছেন তা কখনো ভুলতে পারব না। যুগে যুগে তিনি আমাদের স্মরণীয় ও অনুকরণীয় আদর্শ হয়ে থাকবেন। তিনি ছিলেন জাতীয় জীবনের প্রাণ পুরুষ- এ শতাব্দীর শ্রেষ্ঠ মহাপুরুষ। তাঁর দৃষ্টি ছিল জাতি ও মানব জীবনের সকল দিকে। দেশের জ্ঞানী গুণীদের তিনি কদর দিয়েছেন- তাদের মর্যাদার আসনে স্থান দিয়েছেন। কবি, সাহিত্যিক, সাংবাদিক, সমাজ-সেবক, গবেষক ও ধর্ম প্রচারকদের সংবর্ধনা ও পুরষ্কার প্রদান করে উৎসাহিত করেছেন। জাতীয় কল্যাণের ধারা নির্মাণ করে সঠিক খাতে প্রবাহিত করে দিয়েছিলেন।

অসীম স্রষ্টার প্রতিটি সৃষ্টির মধ্যে যে অসীমতার ইঙ্গিত লুকিয়ে রয়েছে তা উপলব্ধি করার মতো চোখ ও হৃদয় খুব কম মানুষের আছে। এই কম সংখ্যার কথা মনে করলে পৃথিবীকে খুব দরিদ্র মনে হয়। আবার সেই কম সংখ্যক লোকের হৃদয়ে লুকানো অসংখ্য মণি মুক্তার সন্ধান পেলে পৃথিবীকে খুব সম্পদশালী ও সৌন্দর্যমণ্ডিত মনে হয়। বায়তুশ শরফের পীর হযরত মাওলানা শাহ্ সূফী শেখ আবদুল জব্বার রহ. ছিলেন সেই কম সংখ্যকদের অন্যতম-উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন কামেল পুরুষ আল্লাহ্র ওলী আপামর জনসাধারণের নয়নমণি।


কবি আবদুল হালীম খাঁ

সভাপতি, রেনেসাঁ সাহিত্য সংসদ, ভূঁইয়াপুর, টাঙ্গাইল।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *