মাহফিলে ঈসালে সওয়াবের উদ্দেশ্য

আখতারাবাদ (কুমিরাঘোনা) ঈসালে সওয়াবে মাহফিলে আল্লামা শাহ আবদুল জব্বার-এর প্রদত্ত বয়ান। বয়ানটি বাংলাদেশ বিমানের সাবেক জি. এম. (মার্কেটিং) মরহুম ইউসুফ আলী সাহেবের কাছে সংরক্ষিত ভিডিও ক্যাসেট থেকে অনুলিখন করেন তাঁর দৌহিত্র হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফি উল্লাহ। -সম্পাদক

الْحَمْدُ للهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِهِ اللَّهِ ، أَمَّا بَعْدُ!

আল্লাহ তাআলার হাজারো শোকরিয়া তিনি অন্যান্য বারের মত এবছরও আমাদেরকে এই পবিত্র মাহফিলে ঈসালে সওয়াবে শরিক হওয়ার তওফিক দান করেছেন। আল-হামদু লিল্লাহ।

আল্লাহ তাআলা মানুষের শরীরে একটি গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছেন, তা হলো ‘নফস’। এ নফস সবসময় বাধামুক্ত হয়ে থাকতে চায়। কারও অধীনে থাকা সে পছন্দ করে না। আল্লাহর অলীগণ মানুষের এ নফসকে আল্লাহমুখী করার জন্য বিভিন্ন তরীকা বা পদ্ধতি অবলম্বন করে থাকেন। আমার পীর সাহেব কেবলা হযরত মাওলানা মীর মোহাম্মদ আখতার আল্লাহর বান্দাদেরকে তাদের রবের সাথে মিলিয়ে দেওয়ার জন্য, তাদের রবের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য এ অজপাড়া গাঁয়ে মাহফিলে ঈসালে সওয়াবের উসিলা দিয়ে নিয়ে এসেছেন।

যাতে করে আল্লাহর বান্দারা বিশেষ করে যারা এ দরবারে নতুন, তারা পুরোনো যাকিরীন ভাইদের সুহবতে থেকে ইবাদতের প্রশিক্ষণ নিতে পারেন, শেষরাতে উঠে তাহাজ্জুদ নামাজে শরিক হতে পারেন, আল্লাহর যিকিরের মাধ্যমে তাঁকে স্মরণ করতে পারেন, আল্লাহর অলীগণের উসিলা দিয়ে দোয়া করতে পারেন। আমার পীর সাহেব কেবলা, যাঁর নাম নিলে শরীরে কম্পন সৃষ্টি হয়, তিনি এখানে এ মাহফিল চালু করেছেন। আল্লাহর বান্দাদের নিয়ে এসেছেন শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, নফসকে নিয়ন্ত্রণ করার জন্য।

এমনও অনেক ভাই আছেন, যারা আগে ফরয নামাজ আদায় করতেন না, আযান শোনার পর অন্যদিকে চলে যেতেন। আজকে তারা এখানে আসার পর পুরোনো আবেদীন, যাকিরীন, শাকিরীন বান্দাদের সাথে থেকে, তাঁদের সাথে ইবাদত করার ফলে এখন শুধু ফরয নামাজ নয়, তারা সুন্নত-নফল ইত্যাদি নামাজও ছাড়েন না। তরীকতের অজিফা আদায় করেন। কিছুদিন পরপর বলেন, হুযুর আরও কিছু অজিফা দেন।

তাঁরা ফরয ইবাদত তো ত্যাগ করেনই না, বরং খুঁজে খুঁজে বিভিন্ন নফল ইবাদত আদায় করতে থাকেন। সুবহান আল্লাহ। আল্লাহর রহমতে এ মাহফিলের উসিলায়, আমাদের হযরত কেবলার উসিলায়, বড় পীর সাহেবের বেলায়েতের বরকতে আল্লাহ তাআলা আমাদের মনের গতি পরিবর্তন করে দিতে পারেন। আল-হামদু লিল্লাহ।

এখানে অনেক সম্মানিত ভাই আছেন, যারা সমাজের উঁচুস্তরের মানুষ, যাদেরকে মর্যাদার চোখে দেখা হয়, বিশেষ আসনে স্থান দেওয়া হয়। এখানে উপস্থিত ভাইদের খানার ইন্তেজাম করার জন্য লাইন ধরে খাবারের ব্যবস্থা করা হয়। যেহেতু লাইন ছাড়া খাওয়ানোও সম্ভব নয়, তাই অনেক ভাই না খেয়ে থাকেন। লাইন ধরে নিচে বসে খেতে চান না। হয়তো মনে মনে ভাবেন, লাইন ধরে খাওয়ার চেয়ে না খেয়ে থাকা ভালো। তাদের উদ্দেশ্যে বলবো,

আপনি জীবনে কখনও খাওয়ার জন্য লাইন ধরেননি, নিচে বসে খাননি। আল্লাহ তাআলা তো জানেন আপনি এগুলোতে অভ্যস্ত নন। তাই আপনি এগুলোর উসিলা দিয়ে আল্লাহ তাআলাকে বলতে পারেন, হে প্রভু! এ অজপাড়া গাঁয়ে কোনো কাপড়-চোপড়, গয়নাগাটি ইত্যাদির দোকান নেই, এখানে বলিখেলা বা কোনো মেলার আয়োজন করা হয় না। এখানে আসলে রাজনৈতিক কোনো ফায়দা নেই। জীবনে কখনও লাইন ধরে খাইনি।

এ শীতকালে শেষরাতে উঠে ঠাণ্ডা পানি দিয়ে অযু করে একমাত্র তোমার সন্তুষ্টির জন্য তোমার বান্দাদের সাথে তাহাজ্জুদ নামাজ পড়েছি, যিকির করেছি। প্রত্যেক নামাজ জামায়াতের সাথে আদায় করেছি। মাহফিলে তোমার কথা, তোমার নবীর কথা শুনেছি। আপনার এ ইবাদতগুলোর উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করুন। কিরামান-কাতিবীন তো দেখছেন, তারা আপনার আমলনামায় এগুলো লিপিবদ্ধ করে রাখছেন। আল-হামদু লিল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল করীমে ইরশাদ করেন,

وَإِنَّ عَلَيْكُمْ لَحْفِظِينَ كِرَامًا كَاتِبِينَ لَا يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ . .

‘অবশ্যই আছে তোমাদের জন্য তত্ত্বাবধায়কগণ। সম্মানিত লিপিকারবৃন্দ (কিরামান-কাতিবীন ফেরেশতা)। তাঁরা জানেন তোমরা যা কর।

আপনি লাইন ধরে খেয়েছেন, না বেলাইনে খেয়েছেন, নাকি রাগ করে না-খেয়েছিলেন; কিরামান-কাতিবীন ফেরেশতাগণ সব জানেন। আপনার মনের সমস্ত চিন্তা-ভাবনা তাদের জানা আছে। এ লাইন ধরে খাওয়া আপনার সম্মান বৃদ্ধির কারণ হতে পারে। আপনি মনমরা হয়ে কষ্ট সহ্য করে দীর্ঘ লাইন ধরে খেয়েছেন। মানুষ নিজেকে যত ছোট করে, যত বিনয়ী হয়, তার মর্যাদা তত বৃদ্ধি পায়। এজন্যই বলা হয়,

مَنْ تَوَاضَعَ اللهِ رَفَعَهُ».

‘যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন।’২

আল্লাহ তাআলার কাছে গর্ব-অহংকারের কোন মূল্য নেই। নিজের ইবাদত, বিদ্যা-বুদ্ধি দ্বারা আল্লাহর রহমত পাওয়া যায় না। আপনি একজন বড় অফিসার, এলাকার চেয়ারম্যান-মেম্বার, সম্মানিত ব্যক্তি। নিজের সকল মান-সম্মান, ক্ষমতা বিসর্জন দিয়ে এখানে লাইন ধরে খাচ্ছেন। আল্লাহ আপনার এ বিনয়-নম্রতা দেখছেন, তিনি আপনার প্রতি লক্ষ রাখছেন।

এ ধরনের দীনী মাহফিলে আউলিয়া কেরাম ও বুজুর্গানে দীনের মজলিসে নিজের বিদ্যা-বুদ্ধি, দুনিয়াবি মর্যাদার কোনো দাম নেই। এখানে দাম হলো আপনার বিনয়-নম্রতার। নিজেকে যত মিটিয়ে দেওয়া যায় তত বেশি সম্মান পাওয়া যায়। পানির স্বভাব হলো নিচের দিকে গড়িয়ে যাওয়া। যে যত বেশি নত হবে, নতি স্বীকার করবে, তার মর্যাদা তত বেশি বেড়ে যাবে এবং আল্লাহর রহমতের পানি তার ওপর তত বেশি বর্ষিত হতে থাকবে। আল্লাহ তাআলা হাদীসে কুদসীতে ইরশাদ করেন,

عَنْ أَنْ سَعِيدِ الْخُدْرِيِّ، وَأَنْ هُرَيْرَةَ قَالَا: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: «الْعِزُّ إِزَارُهُ، وَالْكِبْرِيَاءُ رِدَاؤُهُ، فَمَنْ يُنَازِعُنِي عَذَّبْتُهُ».

‘হযরত আবু সায়ীদ আল-খুদরী ও হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসুলুল্লাহ বলেছেন, ‘মহত্ত্ব হচ্ছে আল্লাহর লুঙ্গি এবং অহংকার হচ্ছে তাঁর চাদর। যে কেউ এর কোনো একটি নিয়ে আমার সাথে ঝগড়া করবে, আমি তাকে জাহান্নামে নিক্ষেপ করবো।”

আল্লাহ তাআলা যদি কাউকে জাহান্নামে নিক্ষেপ করেন, কেউ তাঁকে বাধা দিতে পারবে না। মানুষ মাটির তৈরি, তাই মাটির মতো নিচে থাকলেই তার দাম। এই যে আপনারা এখানে এত কষ্ট স্বীকার করছেন, থাকার জায়গার অভাব, বিছানার অভাব, বালিশের অভাব, কে কোথায় থাকবেন আমার জানা নেই। এখানে থেকে মাটিতে গড়াগড়ি দিলে আল্লাহর দরবারে আপনার মর্যাদা বাড়বে। কবির ভাষায়:

بِقَدْرِ الْكَدْ تُكْتَسَبُ الْمَعَالِي * وَمَنْ طَلَبَ الْعُلَا سَهِرَ اللَّيَالِي

‘যে যত কষ্ট স্বীকার করবে, তার মর্যাদা তত বাড়বে।’২

রাতের ঘুম হারাম করতে হবে, বিছানার আরাম ত্যাগ করতে হবে, শেষরাতে উঠতে হবে। তাহলেই মর্যাদা বাড়বে। প্রকৃত আশেক কখনও ঘুমাতে পারে না। আল্লাহর বান্দা সবাই আল্লাহর আশেক। তারা মাশুকের জন্য জেগে থাকতে পারে।

الْعَاشِقُ وَالْمَعْشُوقُ لَا يَنَامُ * قُمْ قُمْ يَا حَبِيبِي كَمْ تَنَامُ

‘আশেক ও মাশুক তো ঘুমায় না। হে আমার প্রিয়! ওঠ, তুমি ওঠ, আর কত ঘুমাবে!’

اللَّيْلُ وَالنَّهَارُ لَا يَنَامُ * قُمْ قُمْ يَا حَبِيبِيْ كَمْ تَنَامُ

‘রাত ও দিন ঘুমায় না। হে আমার প্রিয়! ওঠ, তুমি ওঠ, আর কত ঘুমাবে!’

الْأَرْضُ وَالسَّمَاءُ لَا يَنَامُ * قُمْ قُمْ يَا حَبِيْبِيْ كَمْ تَنَامُ

‘আসমান ও জমিন ঘুমায় না। হে আমার প্রিয়! ওঠ, তুমি ওঠ, আর কত ঘুমাবে!’

আল্লাহ তাআলা আমাদের এ কষ্ট ও সবর কবুল করুন। আমীন। আমার পীর সাহেব কেবলা খেদমত নেওয়ার চেয়ে খেদমত করাকে বেশি পছন্দ করতেন। আরবিতে বলা হয়,

سَيِّدُ الْقَوْمِ خَادِمُهُمْ

‘কওম বা জাতির নেতা হলো তাদের খাদেম।’

খেদমত করতে করতে মানুষ খেদমত পাওয়ার যোগ্যতা লাভ করে। যে খেদমত করবে সে খেদমত পাবে। যে মানুষের খেদমত করবে আল্লাহ মানুষের দ্বারা তার খেদমত করাবেন। আমার পীর সাহেব কেবলা এ মাহফিল মানুষকে খেদমত, আদব শিক্ষা দেওয়ার জন্য উসিলা বানিয়েছেন। কোনো জায়গায় ছোটখাট যেকোনো অনুষ্ঠান হলে বা দুয়েকটি গরু-ছাগল জবাইয়ের আয়োজন করা হলে বিরাট শোরগোল শুরু হয়ে যায়।

কিন্তু এ মাহফিল তার ব্যতিক্রম, এ মাহফিল শোরগোলমুক্ত মাহফিল, এ মাহফিল আদব হাসিল করার মাহফিল। তবে আজ যেভাবে মানুষের উপস্থিতি বৃদ্ধি পাচ্ছে, তাতে করে আমি ভয় পাচ্ছি মাহফিলের আদবের ব্যাঘাত ঘটে কিনা, কন্ট্রোলের বাইরে চলে যায় কিনা। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, পীর সাহেব কেবলা (হযরত কেবলা) যে আদব-নিয়ম পছন্দ করতেন তা যেন আল্লাহ তাআলা বহাল রাখেন। যাতে করে খেদমত করনেঅলা তৈরি হয়।

খাওয়া-দাওয়া কম হলেও যদি তাতে বরকত থাকে, তা হলো উত্তম ও উপকারী খাদ্য। আমাদের দেশের বয়স্ক ব্যক্তিরা বলেন, অল্প খেলে বল পাওয়া যায়। পেট যত হালকা হবে ঘুম থেকে ওঠা তত সহজ হবে, তাহাজ্জুদের জন্য ওঠা যাবে। তিলাওয়াত, ইবাদত ইত্যাদিতে স্বাদ পাওয়া যাবে। আর বেশি খেলে, পেট ভারি থাকলে অলসতা এসে যায়, রুহ ইবাদতের স্বাদ থেকে মাহরুম হয়। যারা ক্ষুধা নিয়ে উপবাস থেকে ইবাদতের যে স্বাদ পেয়েছেন তারা বলেন, ক্ষুধা নিয়ে, দারিদ্র্য অবস্থার ইবাদত মি’রাজের মতো মজাদার হয় অর্থাৎ সেই ইবাদতে তৃপ্তি পাওয়া যায়। সুবহানআল্লাহ।

ভাইয়েরা আমার! হাদীস শরীফে এসেছে, রাসুলুল্লাহ-কে জিজ্ঞাসা করা হলো ঈমানের পর উত্তম আমল কী? তিনি উত্তরে বললেন, ‘কম ঘুমানো, কম খাওয়া, কম কথা বলা এবং এমন সময় নামাজ পড়া যখন মানুষ ঘুমে থাকে।’

এই যে শীতের মৌসুমে শেষরাতে উঠে নামাজ পড়া কষ্টের কাজ। হাশরের ময়দানে মানুষকে যখন হিসাব-কিতাবের জন্য জমা করা হবে, তখন সমস্ত আম্বিয়ায়ে কেরাম ভয়ে কাঁপতে থাকবেন। একমাত্র সাইয়েদুল মুরসালীন ‘উম্মাতি উম্মাতি’ বলে আল্লাহর দরবারে আরজি পেশ করতে থাকবেন। সেই দিনটির ব্যপ্তি হবে ৫০ হাজার বছরের সমান। তবে যারা পাঁচ ওয়াক্ত নামাজের পর রাসুলুল্লাহ-এর শেখানো এ দোয়া পড়বে,

اللَّهُمَّ حَاسِبْنِي حِسَابًا يَسِيرًا».

‘হে আল্লাহ! আমার হিসাব সহজ করে দিন।”

আল্লাহ তাআলা তার হিসাব সহজ করে দেবেন। হাদীসে এসেছে, আল্লাহ তাআলা মুমিন বান্দাদের জন্য ৫০ হাজার বছর এক ওয়াক্ত নামাজ পড়তে যে সময় লাগে সেই পরিমাণ করে দেবেন, তিনি টেরও পাবেন না কখন হিসাব-কিতাব শেষ হয়ে যাবে। সুবহান আল্লাহ। এ সুসংবাদ, এ সহজতা তো শুধু তাদের জন্য যারা আল্লাহর হুকুম-আহকাম মেনে চলবে। আর যারা আল্লাহ ও রাসুল-এর বিরোধিতা করবে, হুকুম-আহকাম মানবে না, তাদের অবস্থা কী হবে? আল্লাহ তাআলা ইরশাদ করেন,

افَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوْنَ

‘তবে যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারীর ন্যায়? তারা সমান নয়।’২

যারা শেষরাতে উঠে আরামের বিছানা ত্যাগ করে তাহাজ্জুদ পড়ার জন্য প্রস্তুতি নেয়, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা ইরশাদ করেন,

تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ يَدْعُونَ رَبَّهُمْ خَوْفًا وَطَمَعًا وَمِمَّا رَزَقْتُهُمْ يُنْفِقُونَ فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ

‘তারা শয্যা ত্যাগ করে তাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং আমি তাদেরকে যে রিযিক দান করেছি তা থেকে তারা ব্যয় করে। কেউ জানে না তাদের জন্য নয়ন প্রীতিকর কী লুকায়িত রাখা আছে তাদের কৃতকর্মের পুরস্কারস্বরূপ।”

আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য আপনাদের আমাদের এ কষ্ট সহ্য করা, সবর করা, নিজেদের আরাম-আয়েশ ত্যাগ করা সবকিছু কবুল করে নিন। আমীন, ইয়া রাব্বাল আলামীন।

গ্রন্থনায়: হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহ


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *