আল্লাহর অলীগণের পরিচয়

আখতারাবাদ (কুমিরাঘোনা) ঈসালে সওয়াবে মাহফিলে আল্লামা শাহ আবদুল জব্বার-এর প্রদত্ত বয়ান। বয়ানটি বাংলাদেশ বিমানের সাবেক জি. এম. (মার্কেটিং) মরহুম ইউসুফ আলী সাহেবের কাছে সংরক্ষিত ভিডিও ক্যাসেট থেকে অনুলিখন করেন তাঁর দৌহিত্র হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফি উল্লাহ। সম্পাদক

الْحَمْدُ للهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِهِ اللَّهِ ، أَمَّا بَعْدُ!

সম্মানিত ওলামায়ে কেরাম, উপস্থিত বেরাদরানে ইসলাম, বিশেষ করে উপস্থিত আমাদের তরীকতপন্থি ভাইয়েরা! সর্বপ্রথম আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি যে, তিনি গত এক বছর পর একসাথে বসে কিছু সময় একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে শরীর-স্বাস্থ্য ভালো রেখে আমাদেরকে এখানে বসার তওফিক দান করেছেন। আল-হামদু লিল্লাহ।

আমাদের অনেক তরীকতপন্থি ভাই যারা গত বছর এখানে ছিলেন তারা এখন নেই, কবরবাসী হয়েছেন। আমাদের দরবারের মহব্বতের তরীকতপন্থি অনেক ভাই এ দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য বছরের ন্যায় গত বছরও মাহফিলে আসার সুযোগ দান করেছিলেন এবং এ বছরও সেই সুযোগ দান করেছেন। আল-হামদু লিল্লাহ।

শোকরিয়া আদায় করছি আমাদের পীর-মুরশিদের, যিনি এখানে বন-জঙ্গল এলাকায়, যেখানে এককালে রিকশা পর্যন্ত চলাচল করার রাস্তা ছিল না, আজকে সেই অনাবাদি জায়গা আল্লাহর অলীর দোয়ার বদৌলতে, তাঁর কদম মোবারক রাখার কারণে সেই গ্রাম আজ শহরে পরিণত হয়ে গেছে। আল-হামদু লিল্লাহ।

আমার সবসময় মনে পড়ে, একজন সরকারি কর্মকর্তা, যার বাড়ি কুমিল্লা। তার পিতা ব্রিটিশ আমলের একজন শিক্ষিত, ইসলামপ্রিয়, ধর্মপ্রিয় ব্যক্তি। সেই অফিসার যার নাম জনাব মুরাদ সাহেব। তিনি তাঁর পিতাকে সাথে নিয়ে আমাদের এ প্রতিষ্ঠানগুলো দেখতে এসেছিলেন। তিনি আমাকে বলেছেন, ‘হুযুর! আমি এখানকার প্রতিষ্ঠান, আপনার বাড়ি এগুলো দেখতে এসেছিলাম। পরীক্ষা করার জন্য যে, হুযুর এত টাকা ইনকাম করে তার বাডি কেমন? শহরে তো প্রতিষ্ঠান করেছেন, গ্রামে কি কিছু আছে নাকি নামকা ওয়ান্তে কোনো প্রতিষ্ঠান করে রেখেছেন? আমরা আপনাকে না জানিয়ে এখানে এসেছিলাম। জানালে তো আপনি আগে থেকে সতর্ক হয়ে যেতেন। আমরা কক্সবাজার রোড থেকে যত ভেতরের দিকে যাচ্ছিলাম তেমন কোনো বাড়ি-ঘর চোখে পড়ছিল না। শুধুমাত্র ছোট একটা বাজার ছাড়া। এখানে পৌছার পর এ প্রতিষ্ঠানগুলো দেখে মনে হলো গ্রামের মধ্যে যেন ছোট একটি শহর। সুবহান আল্লাহ।

আমাদের ধারণা ছিল যে, আপনি শুধু শহরে এতিমখানা করেছেন। গ্রামে হয়তোবা নামসর্বস্ব লোকদেখানোর জন্য ছোটখাটো কিছু করে রেখেছেন। কিন্তু এগুলো দেখার পর আমাদের ধারণা পরিবর্তন হয়ে গেছে। আমার আব্বাকেও নিয়ে গিয়েছিলাম। তিনি এগুলো দেখে আমাকে বললেন, দেশে তো অনেক পীর সাহেব আছেন, যারা শুধুমাত্র যিকির-আযকারের কথা বলেন। কিন্তু এ পীর সাহেবের শহরেও দেখলাম প্রতিষ্ঠান, গ্রামেও প্রতিষ্ঠান। তিনি যিকির-আযকারের সাথে সাথে সেবামূলক কাজও করে যাচ্ছেন।’

আল-হামদু লিল্লাহ। হাজা মিন ফাযলি রব্বী ও বিতুফাইলে মুরশিদী! অতঃপর সেই অফিসার বলেন, ‘এগুলো দেখার পর আমার আব্বা আমাকে বললেন, আমি এতদিন পীর-মুরিদী পছন্দ করতাম না। এখন আমার বয়স হয়েছে আমাকে তাঁর হাতে বায়আত করিয়ে দাও। আল-হামদু লিল্লাহ। এ জায়গা দেখার পর তাঁর মনের গতি পরিবর্তন হয়ে গিয়েছে, তিনি আমাদের তরীকতে দাখেল হয়ে গিয়েছেন।

এর কিছুদিন পর একজন দাড়িঅলা বয়স্ক ব্যক্তি সরকারি গাড়ি করে চট্টগ্রাম বায়তুশ শরফে এসে আমার খোঁজ করছিলেন। তিনি ছিলেন বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের ডেপুটি ডাইরেক্টর। তাঁর নাম জিললুর রহমান। আমাকে বললেন, ‘আমি আপনাদের প্রতিষ্ঠানের রেকর্ড দেখে এখানে আসার পূর্বে আপনাদেরকে খবর না দিয়ে ঢাকা থেকে আপনার গ্রামের বাড়ি, কুমিরাঘোনার প্রতিষ্ঠানগুলো দেখে এসেছি। আমাদের মন্ত্রণালয়ের মাধ্যমে সারা বাংলাদেশে কোটি কোটি টাকা বিতরণ করা হয়। কিন্তু আপনার এখানকার এবং গ্রামের প্রতিষ্ঠানগুলোর মতো অন্য কোনো প্রতিষ্ঠান দেখিনি।’

আল-হামদু লিল্লাহ। তিনি বিদায় নেওয়ার সময় আমাকে বললেন, ‘হুযুর। সরকারি দায়িত্ব হিসেবে আমাকে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যেতে হয় এবং আমাদের মাধ্যমে ফান্ড বিতরণ করা হয়। কিন্তু ধোঁকাবাজি, প্রতারণার যে অবস্থা আমরা দেখেছি, আমার মনে হয়েছিল কিয়ামতের আর বেশি দেরি নেই। তবে আপনার প্রতিষ্ঠান, এতিমখানা এগুলো দেখে বিশ্বাস হলো যে, না, কিয়ামত হতে আরও দেরি আছে।’ আল-হামদু লিল্লাহ।

সম্মানিত ভাইয়েরা! আপনাদেরকে যে কথাগুলো বললাম এগুলো আমাদের কোনো ভক্ত-মুরিদানের কথা নয়, একজন বড় সরকারি অফিসারের কথা। তারা তো এসব বলেন না, কিন্তু কথার সাথে কাজের মিল থাকার কারণে নিজের বিশ্বাস থেকে এগুলো বলেছেন। এগুলোর মূল হলো এ দরবার, এ অজপাড়া গাঁয়ের ঈমানী রুহানি মারকাজ। আল্লাহর এক মকবুল বান্দা যার বাড়ি চট্টগ্রাম শহরের মাদারবাড়ি এলাকায়, তিনি নিজের জীবন কুরবানি করে এখানে এসে আল্লাহর বান্দাদেরকে রুহানি ফয়েয-বরকত দান করেছেন। তিনি শহরে টিনের ছাউনি দেওয়া বেড়ার ঘরে জীবন কাটিয়ে গিয়েছেন। আর বিভিন্ন জায়গায় এই ধরনের প্রতিষ্ঠান করেছেন।

এগুলো থেকে বোঝা যায় খুলুসিয়ত ও দীনের প্রতি তাঁর কেমন মহব্বত ছিল। আমি একবার ইত্তেহাদুল উম্মাহর এক মাহফিল উপলক্ষে যশোর গিয়েছিলাম। সেখানকার এক মাদরাসার প্রিন্সিপাল সাহেব আমাকে জানালেন, হুযুর! আপনার পীর সাহেব-এর দান আমাদের মাদরাসায় আছে। আরেকবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া আলমশাহ পাড়া মাদরাসার মাহফিলে যাওয়ার পথে বাজারের এক মসজিদে নামাজ পড়েছিলাম। আমার পরিচয় পাওয়ার পর তারা আমাকে বলেছিলেন যে, আপনার পীর সাহেব আমাদের এ মসজিদের জন্য পঞ্চাশ বস্তা সিমেন্ট দিয়েছিলেন। পীর সাহেব কেবলা গোপনে দান করতেন, এটি তাঁর অভ্যাস ছিল। যেগুলো আমরা জানতাম না। তিনি নিজেকে গোপন রাখতেন।

আমি প্রতিবছর কুমিরাঘোনার ঈসালে সওয়াব মাহফিলে আমাদের পীর সাহেব কেবলা সম্পর্কে আলোচনা করে থাকি। যেহেতু প্রতি বছর অনেক নতুন ভাই এই মাহফিলে উপস্থিত হন। যাদের পীর সাহেব কেবলা এ-কে দেখার সুযোগ হয়নি। তিনি বড় পীর হযরত আবদুল কাদের জিলানী ৬৯-এর বংশধর। আর বড় পীর সাহেব ইমাম হোসাইন এ-এর বংশধর। মা-বাবা উভয় দিক থেকে হযরত হাসান ও আল-হামদু লিল্লাহ।

পীর সাহেব কেবলা এ-এর জীবদ্দশায় তাঁর সাথে আমাদের এত ওঠা-বসা থাকার পরও কখনও ইশারা-ঈঙ্গিতেও বলেননি যে, তিনি বড় পীর সাহেব ১৯৬৬-এর বংশধর। তিনি সাইয়েদ বংশের লোক ছিলেন। তাঁর সম্পর্কে চুনতির শাহ কেবলা বলতেন, তিনি তো এদেশের মানুষ নন, আসলেই তাই। তাঁর উপাধী ‘মীর’। যেহেতু বড় পীর সাহেব-এর উপাধীও ‘মীর’। তাঁর পিতার নাম মীর মাসউদ আলী এ৯। তিনি একাধারে হাফেজ, আলেম, আবেদ, জাহেদ ছিলেন।

তাঁর পূর্বপুরুষ টিপু সুলতানের আমলে কলকাতার নাখোদা নামক মসজিদের ইমাম সাহেবের মাধ্যমে বাগদাদ থেকে কলকাতায় এসেছিলেন এবং সেখান থেকে চট্টগ্রাম এসেছিলেন। আমাদের হযরত কেবলা-এর সকল কাজের উদ্দেশ্য আল্লাহ ও তাঁর রাসুল-এর সন্তুষ্টি। তিনি শহরে বেড়ার ঘরে বসবাস করে এত বিশাল দীনী বাগান তৈরি করে গিয়েছেন। এর চেয়ে নিখুঁত, খাঁটি আল্লাহর অলী আর কে হতে পারে! তিনি দোয়া করে গিয়েছেন এখন আমরা-আপনারা সে দোয়ার ফল ভোগ করছি। আল্লাহর অলীগণের কদম যেখানে পড়েছে সে জায়গা আবাদ হয়ে গিয়েছে।

আমি আলিম শ্রেণিতে থাকা অবস্থায় হযরত কেবলার হাতে বায়আত হয়েছিলাম। প্রথম যখন মাহফিলে ঈসালে সওয়াব অনুষ্ঠিত হয়, পীর সাহেব কেবলা-এর সাথে শহর থেকে মাত্র ১৫-২০জন তরীকতপন্থি ভাই এসেছিলেন। এখানে ছোট পরিসরে মাহফিল হয়েছিল। সেই ছোট জায়গায় অনুষ্ঠিত মাহফিল আল্লাহর দরবারে কবুল হওয়ার কারণে আজ এত বড় জায়গা হওয়া সত্ত্বেও উপস্থিত ভাইদের সংকুলান হচ্ছে না।

আল্লাহর দরবারে যখন কবুল হয়ে যায় তখন এমনিতেই সব জায়গায় সে খবর পৌঁছে যায়, কারও প্রচার করতে হয় না। আমাদের দেশে যেমন প্রবাদ আছে, ‘ধর্মের কল বাতাসে নড়ে’। আজকে এখানে সেই সুদূর খুলনা, বরিশাল, ঢাকা থেকে ভাইয়েরা উপস্থিত হয়েছেন। আমাদের হযরত কেবলা এখানে শুরু করেছেন, এখন দূরের কাছের সমস্ত জায়গা হতে মানুষজন একমাত্র আল্লাহর ওয়াস্তে তাঁর সন্তুষ্টি হাসিল করার জন্য উপস্থিত হন।

সারা বাংলাদেশের সব জায়গায় মাহফিলের আয়োজন করা হয়। কিন্তু আমাদের এই মাহফিল হচ্ছে তালীম, তারবিয়াতের মাহফিল। তরীকতপন্থি ভাইদের একে অপরের সাথে দেখা-সাক্ষাৎ হওয়ার মাহফিল। একসাথে বসে যিকির-আযকার করে আল্লাহর দরবারে কাকুতি-মিনতি পেশ করার মাহফিল।

আল্লাহর অলীগণ যদিও দুনিয়াবি কোনো ক্ষমতায় থাকেন না, তবে তাঁদের বেলায়েতি পাওয়ার বা ক্ষমতা অনেক বেশি। তাঁদের মধ্যে গাউস, কুতুব, আবদাল ইত্যাদি শ্রেণি ভাগ করা আছে। তাঁরা দুনিয়ার খুঁটি, চেরাগ বা বাতি, মানুষের আশ্রয়স্থল, দোয়ার স্থান, শান্তি পাওয়ার স্থান। তাঁরা খোদায়ী গুণে গুণান্বিত। আল্লাহ তাআলা নিজ দয়ায় তাঁদেরকে এ গুণগুলো দান করেছেন।

কেউ প্রশ্ন করতে পারে যে, মানুষ আল্লাহ তাআলার দিকে রুজু না করে অলীগণের দিকে কেন রুজু করবে? তাঁদের কাছে কেন আশ্রয় নিবে? তাঁদের কাছে কেন দোয়া চাইবে? এ প্রশ্নের উত্তর হচ্ছে, এটিই আল্লাহর তাআলার নিয়ম। তিনি চাইলে সূর্যের তাপ ছাড়াই সব ফলমূল পাকাতে পারেন, কিন্তু তিনি তা করেন না। তিনি চাইলে মা-বাবা ছাড়াও সন্তান দান করতে পারেন, কিন্তু দান করেন না। আল্লাহ তাআলা সকল শক্তি বা ক্ষমতার অধিকারী, তিনিই সবকিছুর মালিক। তিনি চান যে তাঁর গুণ কোনো অলীর মাধ্যমে প্রকাশ হোক।

যেমন সূর্য থেকে আলো বের করেন। অথচ আল্লাহ তাআলা নিজেই নূর বা আলো। তাঁর সেই নূর বা আলো তিনি সূর্যের মাধ্যমে প্রকাশ করেন। চাঁদের আলো আসে সূর্য থেকে, সূর্য পায় আল্লাহ তাআলার নূর থেকে। আল্লাহ যেমন মা-বাবা ছাড়া সন্তান দান করতে পারেন। যেমন- আদম ও হাওয়া। তাঁদেরকে মা-বাবা ছাড়াই বানিয়েছেন। কিন্তু তিনি মাধ্যম বানিয়ে দিয়েছেন। যেমন- হযরত ঈসা-কে বানিয়েছেন বাবা ছাড়া। তিনি সবকিছুই পারেন, তবে দুনিয়ার জন্য একটা নিয়ম নির্ধারণ করে দিয়েছেন।

আমার পীর সাহেব কেবলা বলেছেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে, তাঁর গুণবাচক নামে গুণান্বিত বান্দা এ পৃথিবীতে রয়েছেন। এসব গুণের সম্পর্ক নবীগণের সাথে, অলী-আল্লাহগণের সাথে। যেমন সাইয়েদুনা হযরত আবু বকর কোমল গুণে গুণান্বিত, সাইয়েদুনা ওমর ফারুক-এর গুণ ছিল গরম। এভাবে একেক নবী, একেক অলী ভিন্ন ভিন্ন গুণে গুণান্বিত।

ভাইয়েরা আমার! আল্লাহর অলীগণ হলেন নায়েবে রাসুল। আল্লাহ তাআলা নবীগণকে দায়িত্ব দিয়েছেন মানুষকে দীনের দিকে ডাকার জন্য। আর নায়েবে রাসুলগণ নবীগণের নুবুওয়াত থেকে যে আলো পেয়েছেন সেটি হচ্ছে বেলায়েত। এ বেলায়েতের পাওয়ার বা শক্তি আল্লাহ যাদেরকে দান করেন তাঁরা হলেন অলী। নবী-রাসুল যেমন মানুষের মধ্য হতে মনোনীত হন, অলী-আল্লাহগণকেও আল্লাহ মানুষের মধ্য হতে পছন্দ করেন। তবে তাঁরা সাধারণ মানুষ নন। আল্লাহ তাআলা মানুষের মধ্য হতে রাসুল বানানোর জন্য মনোনীত করেন, বাছাই করে নেন।

যত নবী-রাসুল ছিলেন সবাই আদম-এর আওলাদ। তাঁর আওলাদের মধ্যে সবচেয়ে বড় মর্তবাঅলা, মর্যাদাঅলা হলেন আমাদের নবী। তিনি বাহ্যিকভাবে আমাদের মতো চামড়া দ্বারা আচ্ছাদিত মানুষ কিন্তু তাঁর ভেতরে রয়েছে নূরের পাওয়ার। নবীগণের মধ্যে যেমন বিভিন্ন মর্যাদা রয়েছে, আল্লাহর অলীগণের মধ্যেও তদ্রূপ মর্যাদার শ্রেণিবিভাগ রয়েছে। যেমন- ফুলের মধ্যে ভিন্ন ঘ্রাণ ও রং রয়েছে।

সম্মানিত উপস্থিতি! আমার পীর-মুরশিদ শেষবার হজের সফরে যাওয়ার সময় আমাকে অন্যান্য অসিয়তের সাথে এ অসিয়তও করেছেন যে, আমি যেন নিজের শরীর-স্বাস্থের প্রতি লক্ষ রাখি। কিন্তু আমি দীনের কাজ মনে করে দীর্ঘ সময় ধরে লাগাতার ওয়াজ-মাহফিল করেছি, যার প্রভাব আজকে আমার শরীরের ওপর পড়েছে। আমি ভালো মনে করে তাঁর অসিয়ত শুনিনি, তাই আজকে শরীরের এ অবস্থা। তাঁর রুহানি দোয়া এবং আপনাদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে মাহফিলে শরিক হওয়ার তওফিক দান করেছেন। আল-হামদু লিল্লাহ।

আজকে আপনাদেরকে আরামের ঘর-বিছানা ত্যাগ করে এখানে দাওয়াত করার উদ্দেশ্য হলো তরীকতের প্রশিক্ষণ প্রদান করা, আল্লাহ ও তাঁর রাসুল -এর কথা শোনানো। এ কষ্ট দেওয়ার কারণ হলো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। কিছু পেতে হলে অবশ্যই কষ্ট স্বীকার করতে হয়। আমাদের হযরত কেবলা -এর কষ্টের ফল আজকে আমরা ভোগ করছি। তিনি কষ্ট করে এ মাহফিল, এ জায়গা আল্লাহর দরবারে কবুল করানোর কারণে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এবং এই মাহফিল আল্লাহর বান্দাদের হিদায়তের উসিলা হয়েছে। আল-হামদু লিল্লাহ।

আমরা অনেক ভাইকে দেখেছি, যারা এ মাহফিল হতে বিদায় নেওয়ার সময় কান্না করছিলেন। তারা বলছিলেন, হুযুর! আমরা বাসা-বাড়িতে ফযরের নামাজ ঠিক সময় আদায় করতাম না, ঘুম থেকে উঠতে দেরি করে ফেলতাম।

কিন্তু এখানে এসে আমাদের জামায়াতের সাথে তাহাজ্জুদ ও ফযরের নামাজ আদায় করার সৌভাগ্য হয়েছে। আল-হামদু লিল্লাহ। দোয়া করবেন যাতে করে সারা জীবন জামায়াতের সাথে নামাজ আদায় করার পাবন্দি করতে পারি।

আজকে এখানে থাকার জন্য অনেকগুলো ঘরের ব্যবস্থা করা হয়েছে।

আমরা ছাত্র-জীবনে যখন এ মাহফিলে শরিক হতাম তখন শোয়ার জায়গা পাওয়া যেত না। অনেক রাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে। সেই কষ্টের ফলাফল হলো আমার পীর সাহেব কেবলা এ-এর দোয়া, আল্লাহ তাঁকে জানিয়ে দিতেন। আপনারা যারা আজকে এখানে আরামের বিছানা ত্যাগ করে কষ্ট করছেন, তারা সেই কষ্টের উসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে পারেন,

الهِي أَنْتَ مَقْصُودِى، وَرِضَاءُكَ مَطْلُوبِي، تَرَكْتُ الدُّنْيَا وَمَا فِيهَا، رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا ۚ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ .

আমাদের সবার উপস্থিতি দয়া করে কবুল করে নিন। আমীন আল্লাহ ইয়া রাব্বাল আলামীন।

গ্রন্থনায়: হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহ


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *