নারী শিক্ষা প্রচলনের অগ্রদূত

ইসলামে হালাল রুজী অন্বেষণের উপর জোর তাগিদ দেয়া হয়েছে। হালাল রুজী উপার্জনের একমাত্র অবলম্বন আত্মনির্ভরশীল হওয়া। যার অভাব আমাদের সমাজের ওলামাদের মাঝে দুঃখজনক হলেও পরিলক্ষিত হয়। এক্ষেত্রেও তিনি ছিলেন ব্যতিক্রম। তিনি নিজে ব্যক্তিগতভাবে আতর, মধু ও কিতাবের ব্যবসা করতেন। এ ব্যবসায় প্রাপ্ত অর্থ দ্বারা তাঁর পরিবার চলত। ভক্তদের কাছ থেকে প্রাপ্ত লক্ষ লক্ষ টাকা তিনি দু’হাতে ইসলামের জন্য বিলাতেন। এক পয়সাও নিজের জন্য গ্রহণ করতেন না। বলতেন- ব্যবসা সুন্নত। সকল নবীরা আতরের ব্যবসা করেছেন। অতএব, ব্যবসার মাধ্যমে সুন্নতে সুন্নত আদায় হল আবার আয়েরও একটা ব্যবস্থা হল। এভাবেই তিনি বিত্তের মাঝে থেকেও চিত্তের চর্চা করেছেন কিন্তু পরমুখাপেক্ষীতাকে গ্রহণ করেননি। তিনি আলেম ও ইমামদের পরনির্ভর না হয়ে আতর, মধু ও কিতাবের ব্যবসায় উদ্বুদ্ধ করতেন। তিনি বলতেন- এতে হালাল রুজী অর্জিত হয়। ইবাদতে প্রশান্তি আসে। হক কথা বলতে কণ্ঠে বাঁধেনা। এজন্যই তিনি এতিমদের পড়ালেখার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যবস্থা করেন।

নারী শিক্ষার ব্যাপারে তাঁর ভূমিকা ছিল অগ্রগণ্য। তিনি নারীদের কর্মহীন ও শিক্ষার আলো থেকে দূরে সরিয়ে রাখার বিরোধী ছিলেন। আবার আধুনিকতার নামে ইসলামী আদর্শের বিপরীতে চাল-চলনকেও অপছন্দ করতেন। তিনি শালীন পর্দার পরিবেশে নারী শিক্ষার ব্যাপারে আগ্রহী ছিলেন। এজন্যই আমরা দেখেছি মুসলিম নারী শিক্ষা উন্নয়নের লক্ষ্যে তিনি থাইল্যান্ডে অনুষ্ঠিত পাঁচদিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ছুটে গেছেন। নারী শিক্ষার প্রসারে তিনি বায়তুশ শরফ আদর্শ আলিয়া মাদ্রাসায় ৫ম শ্রেণি পর্যন্ত নারী শিক্ষা চালু করেন। চুনতি হাকিমিয়া আলীয়া মাদ্রাসায় মহিলা শাখা চালুর ব্যাপারে তাঁর অবিস্মরণীয় পৃষ্ঠপোষকতা ছিল। ইন্তেকালের পূর্বে এক অভিভাবক সমাবেশে তিনি একটি মহিলা মাদ্রাসা প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছিলেন। স্বউদ্যোগে বায়তুশ শরফ কমপ্লেক্স সংলগ্ন এতিমখানা ভবনের পেছনে সে লক্ষ্যে একটা জায়গাও ক্রয় করেছিলেন। শুধু তাই নয় ইন্তেকালের পর তাঁর হুজরাখানায় মহিলা মাদরাসা প্রতিষ্ঠার জন্য একটি বক্সে কিছু অর্থ আলাদাভাবে পাওয়া গেছে। এভাবে নারী শিক্ষা উন্নয়নে তিনি অনন্য অবদান রেখে গেছেন।


-ড. হাফেজ মাওলানা আবু নোমান মুহাম্মদ তারেক

প্রবাসী অধ্যাপক ও খতিব, কানাডা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *