তিনি ইসলামী ঐক্যের অগ্রপথিক

বায়তুশ শরফের পীর সাহেব মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার রহ. আমার ভাই। এ দেশে বহু আলেম, পীর মাশায়েখের সাথে আমার পরিচয় আছে; তন্মধ্যে আমি হাতেগোনা মাত্র কয়েকজনকে ভালবাসি আর তাঁদের মধ্যে প্রধান হলেন বায়তুশ শরফের পীর সাহেব।

মাওলানা আবদুল জব্বার সাহেবকে আমি অন্তরের সাথে ভালবাসি এ জন্য যে, তিনি পেয়ারে হাবিব ছরকারে দো’আলম রাসূলে করীম সা.কে শ্রদ্ধা ও ভক্তি ভরে ভালবাসেন এবং রাসূলের সুন্নত অনুযায়ী নিজে চলেন ও তাঁর অনুসারীদের সেই পথে পরিচালনার জন্য আন্তরিক প্রচেষ্টা চালান।

জনাব পীর সাহেব প্রতি বছর খানায়ে কাবা ও রাসূলে পাকের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে পবিত্র হজ্বব্রত পালন করেন। সময় ও সুযোগ মত ওমরাহ্ পালন করেন। তাঁর এসব কর্মকাণ্ডই তাঁকে পথহারা মুসলমানদের রাহবারে পরিণত করেছে।

অন্যায় অসত্য এবং অনৈসলামিক কার্যকলাপের বিরুদ্ধে তিনি সর্বদায় আপোষহীন। তাঁর ঔরসজাত সন্তান হাফেজ আবদুর রহীম আল্লাহ্র পথে শহীদ হবার পরও তাঁকে দ্বীনের হকের পথ থেকে এক বিন্দু পিছনে পড়তে দেখি না।

তিনি ইসলামী ঐক্যের অগ্রপথিক। তাঁর দুয়ার ইসলামপন্থী সকল দল ও মতের জন্য সর্বদা খোলা। তাঁর সাথে একাত্ম হয়েই আমরা গঠন করেছিলাম “ইত্তেহাদুল উম্মাহ্” আবার জাতির প্রয়োজনেই তিনি ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শরীক হতে গিয়ে কারাবরণের সম্মুখীন হন। এ সবকিছুই দ্বীন ইসলামের স্বার্থে। বাংলাদেশের মুসলমান ভাইদের জন্য তিনি এক অনুসরণীয় ব্যক্তিত্ব। আমি তাঁর হায়াত দারাজীর জন্য আল্লাহ্ পাক ছোবহানাহুতা’লার দরবারে মুনাজাত করছি। আমিন।


হযরত সৈয়দ আবদুল আহাদ আল্-মাদানী

[আওলাদে রাসূল সা.]

খতিব, চট্টগ্রাম শাহী জামে মসজিদ, আন্দরকিল্লা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *