রমযানুল মুবারক

১৯৯৬ সালের পবিত্র ১৭ রমযানের ইফতার মাহফিলে আল্লামা শাহ আবদুল জব্বার-এর প্রদত্ত বয়ান। বয়ানটি বাংলাদেশ বিমানের সাবেক জি. এম. (মার্কেটিং) মরহুম ইউসুফ আলী সাহেবের কাছে সংরক্ষিত ভিডিও ক্যাসেট থেকে অনুলিখন করেন তাঁর দৌহিত্র হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফি উল্লাহ। সম্পাদক

بِسْمِ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِهِ اللَّهِ ، أَمَّا بَعْدُ!

সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামীনের শোকরিয়া আদায় করছি, যিনি হযরত আদম-এর সন্তানদের মধ্যে আমাদেরকে মুসলমান হিসেবে সৃষ্টি করেছেন। আল-হামদু লিল্লাহ। আদম-সন্তানদের মধ্যে আবার ভিন্ন ভিন্ন বহু মতাবলম্বী ও ধর্মাবলম্বীর লোক আছে। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে উম্মতে মুহাম্মদির লিস্টভুক্ত করেছেন। আল-হামদু লিল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন এক লাখ চব্বিশ হাজার বা আরও বেশি আম্বিয়ায়ে কেরাম-কে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তাঁদের মধ্যে সর্বশেষ নবী, খাতামুল আম্বিয়া, সাইয়েদুল মুরসালীন মুহাম্মদুর রাসুলুল্লাহ, সৃষ্টির শুরুও তিনি এবং সৃষ্টির শেষও তিনি। সুবহানআল্লাহ। তাঁর উম্মতদেরকে আল্লাহ তাআলা দান করেছেন এমন জিনিস, যা আর কোনো উম্মতের মধ্যে বণ্টন করা হয়নি। সে জিনিস হলো নূরে কুরআন ও নূরে রমযান। এ দুটি নূর বা আলোদাতা অর্থাৎ কুরআনের নূর ও রমযানের নূর যা অন্য কোনো পয়গাম্বরের উম্মতের কিসমতে বা ভাগ্যে ধরেনি। অন্য কোনো উম্মত এই দুটি নূর পায়নি। এটি আমাদেরই নসিব হয়েছে। আল-হামদু লিল্লাহ।

রমযান মাস হলো আল্লাহ তাআলার অহরহ রহমত নাযিল হওয়ার মাস। আল্লাহ রব্বুল আলামীন কর্তৃক আমাদের দীন ও ঈমানের বাজারকে গরম করার মাস। সুবহানআল্লাহ। একেক মৌসুমে একেক জিনিসের দাম বেড়ে যায়, সেই জিনিসের প্রতি মানুষের চাহিদা বেড়ে যায়, বাজারে সেই জিনিস খুব চালু হয়ে যায়। যেমন- বিয়ের মৌসুমে শাড়ি, অলংকার, গয়নাগাটি এগুলোর খুব দাম থাকে। ঈদের সময় আসলে সেমাই, চিনি ও অন্যান্য মিষ্টান্ন দ্রব্যাদির দাম বেড়ে যায় এবং এগুলোর চাহিদাও বেড়ে যায়। হজের মৌসুম যখন আসে তখন হাজীদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন- ব্যাগ-লাগেজ, বিছানা-সামান, ইহরামের কাপড়সহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসের চাহিদা বেড়ে যায় এবং সেই সাথে দামও বেড়ে যায়।

এভাবে কুরবানির ঈদের সময় বাজারে গরু-ছাগলের যোগান বেড়ে যায় এবং মানুষের চাহিদাও বেড়ে যায়। অনুরূপভাবে উম্মতে মুহাম্মদির ঈমানের বাজার পবিত্র রমযান মাসে গরম হয়ে যায়, ঈমানের চাহিদা বেড়ে যায়। সুবহানআল্লাহ। আখিরাতের সামানের চাহিদা, কবরের সামানের চাহিদা বেড়ে যায়। কবরে-হাশরে শান্তি লাভ করার জন্য মানুষ রমযান মাসে দিন-রাত ইবাদতের মাধ্যমে এ পাথেয় সংগ্রহের কাজে ব্যস্ত হয়ে পড়ে। রমযান নেকি কামানোর মাস, সওয়াব কামানোর মাস এবং নিজের আমলের সংখ্যা বৃদ্ধি করার মাস। সুবহানআল্লাহ।

এই যে রমযান মাসে ইফতারের পূর্বে ইফতার নিয়ে বসে আছেন এটি সুন্নত এবং সওয়াবের কাজ। আল-হামদু লিল্লাহ। ইফতারের পর মাগরিবের নামাজ আদায় করলেন, এরপর এশা ও তারাবীহের অপেক্ষায় আছেন। আবার তারাবীহের পর কিছু খাওয়া-দাওয়া করার পর একটু বিশ্রাম করে শেষরাতে উঠে তাহাজ্জুদ ও সেহেরি খাওয়ার জন্য আপনি অপেক্ষা করছেন। সেহেরি খাওয়ার পর আবার আপনি অপেক্ষা করছেন ফজরের নামাজ জামায়াতে পড়ার জন্য। এভাবে ফজরের নামাজের পর কিছুক্ষণ বিশ্রাম করে যার যার কাজ, ব্যবসা-বাণিজ্য, চাকরিতে যাচ্ছেন।

অতঃপর জোহরের নামাজের জন্য অপেক্ষা, এরপর আসর ও মাগরিব। এভাবে আপনি একটির পর একটি ইবাদতের জন্য অপেক্ষা করছেন। একটি ইবাদতের পর অপর আরেকটি ইবাদতের জন্য অপেক্ষা করা, সেটির জন্য ইন্তেজারে থাকা, মন-দিল লাগিয়ে রাখা এর প্রতিটি মুহূর্ত ইবাদত। সুবহানআল্লাহ। শুধু ইবাদত করলে সওয়াব পাওয়া যায় তা নয়, একটি ইবাদত করার পর আরেকটি ইবাদতের জন্য অপেক্ষা করাও সওয়াবের কাজ। আল-হামদু লিল্লাহ।

এতে করে বোঝা যায় রমযান মাস পুরোটাই ইবাদতের জন্য। আমরা খাতামুল আম্বিয়া, শেষ নবী -এর উম্মত। আমরা গোনাহগার দুর্বল বান্দা হলেও আমাদের সওয়াবের সামানা বা বোঝা যাতে পুরোপুরি তৈরি করতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য সেই ব্যবস্থা করে দিয়েছেন, আল-হামদু লিল্লাহ। এ রমযান মাস একটা ট্রেনিংয়ের মাস। ট্রেনিং এক দিনের, এক সপ্তাহের বা এক মাসের হতে পারে। এ রমযান মাস উম্মতে মুহাম্মদি-এর জন্য ঈমানের ট্রেনিং, ইবাদতের ট্রেনিং, সওয়াব কামাই করার ট্রেনিং। এক মাস ট্রেনিং নেওয়ার পর মানুষের মন-মেজাজ, ধ্যান-ধারণা, চিন্তা-ভাবনা তৈরি হয়ে যায়। এই ট্রেনিংয়ে আপনি পাশ করেছেন কিনা তা কীভাবে বুঝবেন?

রমযান মাস শেষ হওয়ার পর আপনি এ মাসে যেভাবে নিয়মিত নামাজ পড়তেন, ইবাদত করতেন, একটি ইবাদতের পর অন্য আরেকটি ইবাদতের জন্য অপেক্ষা করতেন, মসজিদের সাথে যোগাযোগ রাখতেন, ‘হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ’ বলে ডাকলে আপনি সাড়া দিতেন। এখনও সেভাবে ইবাদত করেন কিনা। যদি করে থাকেন তাহলেই আপনি ট্রেনিংয়ে পাশ। আর রমযান মাস চলে যাওয়ার পর যদি আপনার মসজিদের সাথে যোগাযোগ না থাকে, ইবাদত-বন্দেগিতে আপনি অবহেলা করেন, তাহলে বোঝা গেল আপনি একমাস ট্রেনিং করেছেন ঠিক কিন্তু ফেল করেছেন। নাউযু বিল্লাহ। একমাস ট্রেনিং নেওয়ার পর পাশ করতে না পারলে নাউযু বিল্লাহই তো পড়ার কথা।

পৃথিবীতে আমরা আমাদের ব্যবহৃত জিনিসপত্র-যন্ত্রপাতি ইত্যাদি কিছুদিন পরপর বা প্রতি বছর পরিষ্কার করি, সার্ভিসিং করাই। তদ্রূপ আল্লাহ রব্বুল আলামীন প্রতি বছর রমযান মাসে ইবাদত-বন্দেগি দ্বারা আমাদের মন-মগজ, চিন্তা-ধারণা, সমস্ত শরীর পূত-পবিত্র করে দেন এবং গোনাহখাতা মাফ করে দেন। সুবহানআল্লাহ। রহমতের পানি দ্বারা আমাদেরকে পরিষ্কার করে দেন। যাতে করে আপনি বাকি এগার মাস আল্লাহর সকল হুকুম-আহকাম পালন করার জন্য তৈরি থাকেন। আমাদের সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দান করেছেন। আল-হামদু লিল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন রমযান মাসে ঈমানদার মুসলমানদেরকে তাঁর গুণে গুণান্বিত করেন। তাঁর অনেক গুণের মধ্যে একটি গুণ হলো তিনি খানাপিনা করেন না, তার জাতপাত খানাপিনা করা থেকে মুক্ত ও পবিত্র। রমযান মাসে তাঁর ঈমানদার বান্দাগণ দিনের বেলা খানাপিনা থেকে বিরত থাকেন, তারা খোদায়ী গুণে গুণান্বিত হোন, যা আল্লাহ তাআলার একটি গুণ, এটি বিরাট মার্যাদার কথা ও সম্মানের কথা। যা রমযান মাসের বদৌলতে আমাদের নসিব হয়েছে। সুবহানআল্লাহ। তাই আল্লাহ তাআলা রোজাদারদের সওয়াব বা প্রতিদানের কথা উল্লেখ করে হাদীসে কুদসীতে বলেন,

الصَّوْمُ لِي وَأَنَا أَجْزِي بِهِ».

‘রোজা আমার জন্য আমি নিজেই এর প্রতিদান দিই।”

হুযুর আল্লাহর কথা নকল করে বলছেন, আমার বান্দা রোজা রাখে আমার জন্য, আমার গুণে গুণান্বিত হওয়ার জন্য, আমার সিফত বা আমার স্বভাব তার ভেতর আনয়ন করার জন্য। আমার বান্দা চাইলে অন্ধকারে কেউ না দেখে মতো খাওয়া-দাওয়া করতে পারত। কিন্তু আমার ভয়ে সে বিরত ছিল, আমাকে ভয় করে আমার জন্য সে রোজা রেখেছে এবং খানাপিনা ত্যাগ করে সে আমার গুণে গুণান্বিত হয়েছে। অন্যান্য আমলের সওয়াব ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়, কিন্তু রোজাদারের সওয়াব আমি খোদা নিজে দান করবো, কেননা সে আমার জন্য রোজা রেখেছে। তাই তার সওয়াব আমি ফেরেশতাদের মাধ্যমে দেব না। সুবহানআল্লাহ।

বান্দা নামাজ পড়লে, দান-সদকা করলে, তাসবীহ-তাহলীল, যিকির-আযকার করলে এগুলোর সওয়াব ভিন্ন ভিন্নভাবে শরীয়তে নির্ধারণ করা আছে। কিন্তু রোজার সওয়াব আমি খোদা আমার ভাণ্ডার হতে দেব, যত খুশি দেব, আমার ভাণ্ডার অপরিসীম, যার কোনো সীমারেখা নেই। আমি সওয়াবের অধিকারী, আমি সওয়াবের মালিক, আমার কাছে সওয়াব দেওয়ার ভাণ্ডার। আমি যত ইচ্ছা, যত চাই আমার বান্দাকে দেব, এটি কোনো নির্দিষ্ট নয়। আল্লাহ যত ইচ্ছা দিতে পারেন, যা ইচ্ছা দিতে পারেন। সুবহানআল্লাহ।

এই এক মাসের ট্রেনিংয়ে যদি আমরা পাশ করতে চাই, তাহলে আমাদের অন্তর কলুষমুক্ত করতে হবে। সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ পাপ-পঙ্কিলতা, অন্যায়-অত্যাচার, জুলুম, গীবত, হিংসা-বিদ্বেষ, অশ্লীলতা এসব পাপকাজ থেকে মুক্ত রাখতে হবে। যে এই পাপকাজগুলো থেকে নিজেকে বিরত রাখল না, অপরের গীবত করে, অন্যায়ভাবে অপরের সম্পদ দখল করে, মিথ্যা-পরনিন্দা এগুলো থেকে বিরত থাকে না, তার পানাহার ত্যাগ করার মধ্যে কোনো লাভ নেই। তার খানাপিনা ত্যাগ করায় আল্লাহর কাছে কোনো মূল্য

নেই, তাঁর কাছে এগুলোর দরকার নেই। এ খানাপিনা ত্যাগ করা উপবাস থাকা ছাড়া আর কিছু নয়। তুমি রোজা রেখে সময় কাটিয়েছ, কিন্তু রোজা তোমার কোনো লাভে আসেনি, তোমার কোনো উপকারে আসেনি।

নবী করীম ফরমান, রোজা থাকার মাধ্যমে মানুষের মধ্যে পাপকাজ ত্যাগ করা ছাড়াও পরস্পরের মধ্যে সহানুভূতি, মায়া-মমতা বৃদ্ধি পায়। ভ্রাতৃত্বের মনোভাব, ঈমানী চেতনা সৃষ্টি করে। আমি যেভাবে আল্লাহর জন্য রোজা রেখেছি, আমার অপর ভাইও সেভাবে আল্লাহর জন্য রোজা রেখেছে। আমি যেভাবে খানাপিনা পরিত্যাগ করেছি, আমার অপর ভাইও সেভাবে খানাপিনা পরিত্যাগ করেছে। আমার ইফতারির সময় এবং আমার ভাইয়ের ইফতারির সময় এক ও অভিন্ন। আমার সেহেরির সময় এবং আমার ভাইয়ের সেহেরির সময় এক। আমি যেভাবে খতমে তারাবীহ আদায় করি, আমার ভাইও সেভাবে আদায় করে। আমিও আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি, আমার সাথে যার শত্রুতা আছে তিনিও আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখেন। তার রোজা আমার রোজা এক ও অভিন্ন। এভাবে রোজার মাধ্যমে একে অপরের মধ্যে ভ্রাতৃত্বের সৃষ্টি হয়।

এছাড়াও আমাদের সমাজে যেসব গরিব-দরিদ্র, ফকির-মিসকিন, অভাবী রয়েছে, যারা অভাবের কারণে না খেয়ে উপবাস থাকে, ক্ষুধার জ্বালা নিয়ে রাত যাপন করে, অনাহারে পেট বেঁধে থাকে, কত দুঃখ-কষ্ট সহ্য করে এসব অসহায় লোকদের ক্ষুধার কষ্ট ধনী লোকদের বোঝা সম্ভব নয়। আল্লাহ রব্বুল আলামীন এই এক মাস রোজা রাখার মাধ্যমে ধনীদের অন্তরে অভাবীদের উপবাস থাকার অনুভূতি সৃষ্টি করে দেন। ধনীদের মধ্যে দান-খয়রাত, সাহায্য-সহযোগিতা করার মানসিকতা সৃষ্টি হয়। যারা কখনও ক্ষুধার্ত অবস্থায় রাত বা দিন কাটায়নি, রোজা রাখার মাধ্যমে তাদের মধ্যে অভাবী ভাইদের ক্ষুধার কষ্ট, অভাবের কষ্ট অনুধাবন হয় তাদের মধ্যে সহযোগিতা করার চেতনা সৃষ্টি হয়।

আল্লাহ রব্বুল আলামীন কালিমা পড়া প্রত্যক মুসলমানের জন্য এ রোজা ফরজ করে দিয়েছেন। যারা রোজা রেখে পিপাসায় কাতর হওয়ার পরও পানি পান করে না, শরবত পান করে না, আল্লাহ রব্বুল আলামীন তাদের জন্য এমন এক বেহেশত তৈরি করে রেখেছেন যার নাম হলো রায়য়ান। এ বেহেশত স্পেশালভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য রাখা হয়েছে। সেদিন সেখানে আল্লাহ রব্বুল আলামীন রোজাদারকে তৃপ্তিসহকারে দান করবেন। সুবহানআল্লাহ। আল-হামদু লিল্লাহ।

আল্লাহ রমযান মাসে ঈমানদাদেরকে আরেকটি নিয়ামাত দান করেছেন, তা হলো লায়লাতুল কদর আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল করীমে লায়লাতুল কদরের কথা উল্লেখ করে তাঁর হাবীব-কে জিজ্ঞেস করলেন, ১

وَمَا أَدْرَكَ مَا لَيْلَةُ الْقَدْرِ

‘লায়লাতুল কদর সম্পর্কে আপনি কী জানেন?”

হে পেয়ারে হাবীব! আপনি কি জানেন লায়লাতুল কদর কী? এটি কতবড় ফযিলতঅলা রাত, কতবড় মর্যাদাঅলা রাত, কতবড় বরকতঅলা রাত! আল্লাহ স্বয়ং তাঁর রাসুল-কে জিজ্ঞেস করছেন। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন,

لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ

‘লায়লাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম।’২

এটি কি কোনো সহজ কথা, একটি রাত হাজার মাসের চেয়ে উত্তম!

সাহাবায়ে কেরাম যখন রাসুলুল্লাহ-এর জবান মোবারক হতে পূর্বকার উম্মতগণের বয়সের কথা শুনলেন, যাদের বয়স ছিল আটশত বছর, কারও নয়শত বছর, আবার কারও হাজার বছর। সাহাবায়ে কেরাম আফসোস করছিলেন যে, তারা এত বেশি বয়স পাওয়ার কারণে কত অধিক পরিমাণে ইবাদত করেছিলেন সেই তুলনায় আমাদের ইবাদত অতিঅল্প। যেহেতু আমাদের হায়াত ষাট থেকে সত্তর বছর। কিছুসংখ্যক হয়তোবা আশি বছর বা একশত বছর হায়াত পায়। আমরা এত কম হায়াতে অল্প পরিমাণ ইবাদত নিয়ে কীভাবে আল্লাহর দরবারে উপস্থিত হব। আমরা তো তাদের মত দীর্ঘ জীবন নিয়ে ইবাদত করা থেকে বঞ্চিত। তাদের আমলনামায় হাজার রাকাত নামাজ, দান-সদকা ইত্যাদি।

তখন আল্লাহ তাঁদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য তাঁর রাসুলের কাছে সুরাতুল কদর নাযিল করেন। যার এক রাতের ইবাদত হাজার মাস ইবাদত করা থেকে উত্তম। সুবহানআল্লাহ। আমাদের হায়াত বা বয়স কম হলেও উম্মতে মুহাম্মদির অন্তর্ভুক্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি রাত দিয়েছেন, সেই রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদত করার চেয়ে উত্তম। আল-হামদু লিল্লাহ। আল্লাহ তাআলার চেয়ে দয়ালু আর কে আছেন! যিনি একটি রাতের ইবাদত হাজার মাস ইবাদত করার চেয়ে বেশি করে দিয়েছেন। আমাদের সবার আল্লাহর শোকরিয়া আদায় করা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লায়লাতুল কদরের ফযিলত নসিব করুন, আমীন। এরপর আল্লাহ তাআলা দিয়েছেন ঈদের রাত, যার ফযিলতও অনেক।

আমরা আলোচনা শুরু করেছিলাম যে, রমযান মাস দিনে-রাতে সবসময় ইবাদত করার মাস। এরপর দিয়েছেন লায়লাতুল কদর, এরপর ঈদের রাত।

রমযান মাস হলো ঈমানের বাজার গরম কারার মৌসুম, ঈমানের সওদা করার মাস, সওয়াব কামানোর মাস, কবরের সামান যোগাড় করার মাস, আখিরাতের সামান যোগাড় করার মাস, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার মাস এবং আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার মাস। এত সকল সুযোগ তিনি আমাদেরকে পবিত্র রমযান মাসে দান করেছেন। আল-হামদু লিল্লাহ।

আল্লাহ রব্বুল আলামীন আমাদেরকে এ মাসে সচেতন হওয়ার এবং গাফলতি দূর করার তওফিক দান করুন। গতদিনের রোজাগুলো যেভাবে রাখার তওফিক দিয়েছেন তদ্রূপ বাকি রোজাগুলোও যাতে রাখতে পারি সেই তওফিক দান করুন। আল্লাহ তাআলা যাতে আমাদের স্বাস্থ্য ভালো রাখুন, সুস্থ রাখুন। কেননা স্বাস্থ্য যে কোন সময় পরিবর্তন হতে পারে। স্বাস্থ্য ভালো থাকলে বা সুস্থ থাকলে আপনি ইবাদত করতে পারবেন, ঈদের নামাজে শরিক হতে পারবেন। আল্লাহ সবাইকে তওফিক দান করুন।

وَآخِرُ دَعْوَانَا أَنِ الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ.

গ্রন্থনায়: হাফেজ আবু নোমান মোহাম্মদ ছফিউল্লাহ


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *