‘পালাবদল’ ৩য় বর্ষ, ৭ম সংখ্যায় ডঃ এবনে গোলাম সামাদের ‘বাংলাদেশে পীরবাদ’ লেখাটি পড়ে অত্যন্ত ব্যথিত হলাম। এ রকম একটি ভ্রান্ত অসতর্ক রচনা আমি তাঁর কাছ থেকে আশা করিনি। ইসলাম ধর্মের সূত্রপাতে আত্মিক শৃংখলা এবং উন্নতি বিধানের কথা আমাদের মহানবী (সঃ) এর কাছে আমরা শুনেছি। তিনি বারবার একটি কথা বলেছেন যে, মানুষকে বিনয়ের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে এবং সমর্পণের মধ্য দিয়ে আল্লাহর কাছে পৌঁছাতে হবে। প্রথাগতভাবে তিনি নামাযের নির্দেশ দিয়ে গিয়েছিলেন, কিন্তু সঙ্গে সঙ্গে একথাও বলেছিলেন যে, নামায হচ্ছে একাগ্রতা এবং তন্ময়তার ভিত্তিভূমি। এই একাগ্রতা দ্বারা এ কথা প্রমাণিত করেছেন যে, তন্ময়তা থেকে ইসলামে আত্মিক সাধনার চর্চা আরম্ভ হয়। রসূলে খোদা (সঃ) নিজেই ‘ইসরা’ এবং ‘মে’রাজ’-এর মাধ্যমে একথা প্রমাণ করেন যে, মানুষের আত্মা ঊর্ধ্বলোকে আল্লাহর সান্নিধ্যে পৌঁছাতে পারে এবং মানুষের শরীর আত্মাকে ধারণ করে থাকে মাত্র। আত্মাই হচ্ছে মানুষের অস্তিত্বের একমাত্র স্মারক যার মৃত্যু হয় না। এই আত্মার বিশুদ্ধতা নির্মাণ করবার
জন্য সূফীতত্বের উদ্ভব হয়েছে।
সূফীরা হযরত আলী (রাঃ) এর দিকে নির্দেশ করে থাকেন এবং বলেন যে রসূলে খোদা (সঃ) এর আত্মিক অভিব্যক্তি হযরত আলী (রাঃ) ধারণ করেছিলেন। তাঁর মধ্যে দিয়েই এই আত্মিক সাধনা মরমীবাদের পথ ধরে এবং ক্রমশ মধ্য এশিয়া ও তুরস্কে সূফী সাধনার প্রবর্তন ঘটে। এই সাধনার মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর জ্যোতির্ময় রূপে আপন অস্তিত্বকে আলোকিত করা। এই জ্যোতির্ময় রূপ অবলোকন করবার জন্য জ্ঞানের প্রয়োজন, বিশেষ করে কোরআন শরীফ অধ্যয়নের প্রয়োজন এবং রসূল (সঃ) এর সকল নির্দেশ পূর্ণভাবে পালন করা প্রয়োজন। পীর হচ্ছেন শিক্ষাদাতা মাত্র। তিনি মানুষ এবং আল্লাহর মধ্যে এমন কোন অস্তিত্ব নন যাকে অবলম্বন না করলে আল্লাহকে পাওয়া যাবে না। পৃথিবীতে মানুষ স্বশিক্ষায় মহিমাময় হয় না। তাকে শিক্ষাগুরু খুঁজে নিতে হয়। পার্থিব জ্ঞানের জন্য শিক্ষাগুরুর প্রয়োজন আছে। দু’ একজন মাত্র এর ব্যতিক্রম হতে পারেন, কিন্তু অধিকাংশ নয়। ইমাম আবু হানিফা হানীফা (রাহঃ) মাযহাবের প্রবর্তক। তিনি একজন অসাধারণ দীপ্তিমান সূফী সাধকও ছিলেন। তিনি তার একটি উক্তিতে বলেছেন যে, মানুষের ঈমান হচ্ছে অন্তরাত্মার, বহিরঙ্গের প্রকাশ দ্বারা মানুষ বিশ্বাসী না অবিশ্বাসী তার প্রমাণ পাওয়া যায় না। প্রকাশ্যে ধর্মের যে নিদর্শনাবলী আমরা পালন করি তার দ্বারা আমরা যে যথার্থ আল্লাহর প্রেমিক এবং সত্যের প্রতি নিবেদিত তার প্রমাণ পাওয়া যায় না। আল্লাহর কাছে অন্তরের অভিপ্রায়টিই প্রধান। এই অভিপ্রায়ের শুদ্ধতা নির্মাণের জন্য সাধনার পদ্ধতি একমাত্র পীর বা শেখই দিতে পারেন।
সূফী মতবাদে সাধনার যে কয়টি পদ্ধতি বলে দেয়া হয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে একাগ্রতা নির্মাণ। সূফীরা দীক্ষা প্রদানকালে মুরীদকে বলেন, যেন সে একাগ্রতার সাধনা করে। যেহেতু শরীরের মধ্যে আত্মার অস্তিত্ব। সুতরাং আত্মার অবস্থিতি অনুভব করবার জন্য শরীরের বিভিন্ন নির্দিষ্ট বিন্দুকে ধারাক্রমে একাগ্রভাবে ধ্যান করতে হবে, যাতে একটি অস্তিত্বের সাড়া পাওয়া যায়। ধ্যানের এই পদ্ধতি শুধুমাত্র সুফীদের মধ্যে যে আছে তা নয়, (হিন্দু সন্যাসীদের মধ্যেও আছে এবং মধ্যযুগে খৃষ্টীয় সন্যাসীদের মধ্যেও ছিল)।
ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারিত হয়েছিল সূফীদের দ্বারা। সূফীরা এদেশে আসতে আরম্ভ করেন পাল রাজত্বকালে। তখন তারা ব্যাপকভাবে এদেশে আসেননি। কিন্তু দ্বাদশ শতকের পর সূফীরা এদেশে ব্যাপকভাবে আসতে থাকেন। তাঁরা এদেশে এসে প্রথমেই ধর্ম প্রচার করেননি। তাঁরা প্রথমে মানুষে মানুষে ব্যবধান দূর করার চেষ্টা করেছেন এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা ও শুদ্ধতার কথা বলেছেন। বিনয়, মমতা এবং আশ্বাস ছিল তাদের অস্ত্র। এর ফলে নিম্ন বর্ণের হিন্দুরা এবং তন্ত্রবাদী বৌদ্ধরা সহজেই তাদের প্রতি আকৃষ্ট হয় এবং বিশ্বাস করে তাদেরকে অনুসরণ করতে শুরু করে। এভাবেই এদেশে শাসনের মধ্য দিয়ে নয়; বরং মমতার মধ্য দিয়ে ইসলাম প্রচারিত হয়েছিল।
বিশ্বের প্রথম সূফী তত্ত্ব প্রবক্তা দাতা গঞ্জ বখশ (রহঃ) এর মাযার লাহোরে আছে। তিনি তাঁর অনুসারীদের সব সময় বলতেন, “তুমি যা-ই করোনা কেন, মনে রাখবে, সব সময় আল্লাহর প্রত্যক্ষেই তুমি তা করছ। তাঁর কাছে কোন কিছুর আড়াল নেই।” ইসলামের সর্বপ্রধান শাসন হচ্ছে আল্লাহ্’কে ভয় পাওয়া। কোরআন শরীফে অজস্রবার এই কথা উচ্চারিত হয়েছে। যদি একজন মানুষের মনের মধ্যে আল্লাহর প্রতি একই সঙ্গে অনুরাগ এবং ভয় সৃষ্টি করা যায়, তাহলে মানুষ পাপের পথ থেকে দূরে সরে আসে। দাতা গঞ্জ বখশ (রহঃ) এভাবেই মানুষকে পাপের পথ থেকে দূরে সরিয়ে এনেছিলেন।’
ডঃ এবনে গোলাম সামাদ “বৌদ্ধ নির্বাণ তত্ত্বের সঙ্গে সূফীদের ফানাফিল্লাহ” তুলনা করেছেন। দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, এটা সর্বাংশে ভ্রান্ত। বৌদ্ধ ধর্মে ভগবান বা আল্লাহর কোন অস্তিত্ব নেই। গৌতম বুদ্ধ তাঁর শিষ্য আনন্দকে এ সম্পর্কে চিন্তা করতে নিষেধ করেছেন। তার বিপরীতে তিনি মুক্তির কথা বলেছেন- জন্ম থেকে মুক্তি, দুঃখ থেকে মুক্তি, সংঘাত থেকে মুক্তি, অসন্তোষ থেকে মুক্তি, ইচ্ছা থেকে মুক্তি। এই মুক্তির মাধ্যমে একজন ভিক্ষু চূড়ান্ত পর্যায়ে নির্বাণ লাভ করে। বৌদ্ধ চিন্তায় আত্মার কোন অধিকার নেই, কোন অস্তিত্বই নেই। সে স্থলে যা আছে তা হচ্ছে চেত বা চেতনা। অপর পক্ষে, সূফী তত্বে “ফানাফিল্লাহ” হচ্ছে আল্লাহর অস্তিত্বে বিলীন হওয়া। কোরআন শরীফে এর সম্ভাবনার কথা বলা হয়েছে। কোরআন শরীফে আল্লাহ্ তায়ালা মানুষকে বলেছেন, আল্লাহর গুণে গুণান্বিত হতে। একজন সূফীর লক্ষ্য থাকে সর্বতোভাবে পূর্ণ সফলতার সঙ্গে পর্থিব কর্ম সম্পাদন করে পরম স্রষ্টার ধ্যানে নিমগ্ন হওয়া। সূফীরা নিজেরাও সংসার যাত্রা নির্বাহ করেন এবং শিষ্যদের কাউকে সংসার ত্যাগের নির্দেশ দেন না। বৌদ্ধ ভিক্ষুদের মূল কথা হচ্ছে আসক্তি থেকে মুক্তি এবং পৃথিবীর প্রতি বিতৃষ্ণা। এটি ইসলাম বিরোধী একটি সাধনা। সুতরাং নির্বাণের পথযাত্রা এবং ফানাফিল্লাহর পথযাত্রা এক নয়। দু’টির উদ্দেশ্য ভিন্ন এবং কাম্য পরিণতিও ভিন্ন।
ডঃ এবনে গোলাম সামাদের মতে “মধ্য এশিয়ার তুখারিস্তানের অধিবাসীরা ইসলামের আবির্ভাবের সময় বৌদ্ধ মতাবলম্বী ছিল। এই অঞ্চল থেকে ভিক্ষুদের অনেকে পদ ব্রজে, গাধার পিঠে চড়ে অথবা বন্য মোষ বা ইয়কের পিঠে চড়ে বিহার এবং বাংলাদেশ পর্যন্ত এসেছিলেন। সপ্তম শতকের শেষে নবধর্মে বলীয়ান হয়ে প্রতাপী মুসলিম সেনারা তুরাখিস্তান দখল করে। বৌদ্ধ ভিক্ষুদের অনেকে সীমান্ত অতিক্রম করে ভারতবর্ষে এসে উপস্থিত হন এবং ভারতের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েন। পরাজিত বৌদ্ধদের কাছ থেকে আরবরা নির্বাণ তত্ত্ব শিখে ফানাফিল্লাহ’র জন্ম দিয়েছিল।” এই উক্তিটি চরম হাস্যকর এবং ইসলামের প্রতি অসৌজন্যমূলক।
পারস্যের আধ্যাত্মিক কবি মওলানা জালাল উদ্দিন রুমী (রহঃ) একজন অসাধারণ পণ্ডিত এবং কবি ছিলেন। তাঁর গৃহে যে পাঠাগার ছিল, তৎকালীন বিশ্বে ব্যক্তিগত সংগ্রহে ও রকম বিরাট পাঠাগার কারও ছিল না। তিনি কোরআন শরীফকে পরিপূর্ণভাবে অধ্যয়ন করেছিলেন এবং কোরআন শরীফের মর্মমূলে প্রবেশ করবার অধিকার তাঁর হয়েছিল। তিনি তাঁর জ্ঞান লাভের প্রাথমিক পর্যায়ে সুফী তত্ত্বের প্রতি আগ্রহ বোধ করেননি। অকস্মাৎ বিখ্যাত সূফী সাধক শামস তাবরীজ (রহঃ) এর সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। শামস তাবরীজ (রহঃ) তাঁকে বলেন যে, “জ্ঞান তো পুস্তকের সীমানার মধ্যে আবদ্ধ থাকতে পারে না, অথবা গ্রন্থগারে পুস্তক সারির মধ্যে। জ্ঞানকে চিত্তের মধ্যে উপলব্ধি করতে হবে এবং এই উপলব্ধিজনিত বোধ থেকেই মুক্তি আসবে।”
মওলানা রুমী শামস তাবরীজের সঙ্গে খোদা প্রাপ্তি বিষয়ে নানাবিধ আলোচনা করেন এবং অবশেষে তাঁর কাছে বয়েত (মুরীদ) হন। তাঁর ‘মসনবী’ গ্রন্থটি খোদা প্রাপ্তি বিষয়ে অসাধারণ সমৃদ্ধমান একটি রূপক কাব্যগ্রন্থ। মানব আত্মার শুদ্ধতা এবং পবিত্রতা সৃষ্টির জন্য যে কোন সাধকের পক্ষে এ গ্রন্থটি পাঠ অপরিহার্য। জালাল উদ্দিন রুমীর (রঃ) অন্য একটি গ্রন্থ শামস তাবরীজের নামে পরিচিত হয়ে আছে।
“সূফীরা নামায-রোযা, হজ্ব এবং যাকাতের ওপর তেমন গুরুত্ব দেন না” এরকম একটি উক্তি ডঃ এবনে গোলাম সামাদ করেছেন। আমার মতে যথার্থ সাধক যারা, তাঁরা অবশ্যই গুরুত্ব দিয়ে থাকেন। কিন্তু আমি স্বীকার করছি যে, কোন কোন তথাকথিত ভন্ড পীর এ ধরনের ভ্রান্ত শিক্ষা দিয়ে থাকতে পারেন। কিন্তু তারা তো আমাদের আদর্শ নন। সূফী সাধনার ক্ষেত্রে অনেক বিকৃতি ঘটেছে, বিশেষ করে আমাদের মত দেশে যেখানকার জনসাধারণ অধিকাংশই অজ্ঞ। তাদের অজ্ঞতার সুযোগ নিয়ে কিছু কিছু ভণ্ডব্যক্তি পীর নাম ধারণ করে নানা কৌশলে, কিছু কেরামতি দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থোপার্জন করে থাকে। অনেকে আবার পীর-মুরীদীকে একটি ব্যবসায়ে পরিণত করেছে। এদের দিকে দৃষ্টিপাত করে (ঢালাওভাবে) যথার্থ সূফী সাধকদের সমালোচনা করলে চলবেনা।
আমি ব্যক্তিগত জীবনে দাতাগঞ্জ বখশ (রহঃ) এর-‘কাশফুল মাহযুব’ গ্রন্থটি পড়ে উপকৃত হয়েছি। এই গ্রন্থের একটি অনুবাদ প্রখ্যাত ইংরেজ পন্ডিত নিকলসন সাহেব করেছেন। মানব চিত্তের পরিশুদ্ধির জন্য, বিশ্বাসের অধিকার লাভের জন্য এবং বিনয়কে আশ্রয় করবার জন্য এই গ্রন্থের কাছ থেকে আমরা যথার্থ নির্দেশ পেতে পারি। একজন মানুষ কি করে পরিপূর্ণ মানুষ হতে পারেন তার বিস্তারিত আলোচনা এতে আছে। দাতাগঞ্জ বখশ একজায়গায় বলেছেন যে, “মানুষের অস্তিত্ব হচ্ছে সময়, সময়কে যথাযথভাবে ব্যবহার করতে পারলে অস্তিত্ব সম্পর্কে চৈতন্য হয়।” যাঁরা সুফীদের সমালোচনা করে তাঁদের চৈতন্যোদয়ের জন্য দাতাগঞ্জ বখশ (রহঃ)-এর ‘কাশফুল মাহযুব’ গ্রন্থটি পাঠ করতে বলব।
এ দেশ খান জাহানের এ দেশ শাহ্ জালালের
মতিউর রহমান মল্লিক
এ দেশ খান জাহানের
এ দেশ শাহ্ জালালের
এই শাহ্ মাখদুমের চারণ ভূমি
গর্বের দেশ আমাদের।।
ঈসা খানের বাহাদুরী দেশের অলংকার
শহীদ তীতুর কীর্তিগাঁথা জাতির অহংকার
বীর মুজাহিদ উত্তরসূরী আমরা যে ভাই তাদের।।
অকুতভয় শরীয়তুল্লাহর ইসলামী সংগ্রাম
রক্তে আনে আজো জোয়ার দোদুল দোলায় প্রাণ।
নাম না জানা কত দিলীর
খোদার হুকুমাত
কায়েম করতে যুগে যুগে
করলো জীবন পাত,
অন্তর জুড়ে আজও জ্বলে
অমর স্মৃতি যাদের।।
Leave a Reply