এদেশের প্রচলিত ধারণায় পীর বলতে যা বুঝায়, মরহুম পীর সাহেব হযরত মাওলানা আবদুল জব্বার রহ. ছিলেন অনেকাংশে ভিন্ন রকমের পীর। দীর্ঘ আড়াই যুগের অধিক সময় বায়তুশ শরফের গদিনশিন পীর ছিলেন তিনি। এ সময় তিনি প্রচলিত ধারণার একজন পীরের গণ্ডিকে ডিঙ্গিয়ে মানুষ গড়া, সমাজ বিনিমার্ণ দুঃস্থ ও রুগ্ন মানুষের সেবা, ইসলামী শিক্ষা, অর্থনীতি, গবেষণা, সর্বোপরি ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়নের কর্মকাণ্ডে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলেন। পীর হিসেবে মুরিদানের কাছ থেকে অর্থ ও উপহার গ্রহণ, এমনকি কদমবুচি গ্রহণের প্রতি তিনি ছিলেন পুরোপুরি উদাসীন। ইসলামী ন্যায়-নীতির আলোকে এদেশে সমাজ বিনিমার্ণের অদম্য আগ্রহ ছিল তাঁর। তাঁর বহুমুখী কর্ম প্রতিভার উপর আলোকপাত করলে এটাই প্রমাণিত হয় যে, মরহুম পীর সাহেব রহ. ছিলেন একজন সফল ধর্মীয় নেতা, সমাজকর্মী, দুঃস্থ মানুষের সেবক এবং ইসলামী শিক্ষা, গবেষণা ও অর্থনৈতিক ব্যবস্থা বাস্তবায়নের ও প্রসারের নিরলস মুজাহিদ। বায়তুশ শরফের প্রতিষ্ঠাতা মাওলানা হযরত মীর মোহাম্মদ আখতর রহ.-এর সুযোগ্য খলিফা ছিলেন তিনি।
তিনি প্রকাশ করেন মাসিক দ্বীন-দুনিয়া। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে এটা প্রশংসিত ও সমাদৃত। তিনি নিজেও এতে লিখতেন। তাঁর লেখা ও অনূদিত একুশটির অধিক গ্রন্থ প্রকাশিত হয়েছে।
নজীর আহমদ
প্রবীণ সাংবাদিক ও বাংলাদেশ সংবাদ সংস্থা
(বাসস) এর বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম।
Leave a Reply